ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

খুলনাকে বিদায় করে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল খুলনা টাইগার্সের। উইকেটে ছিলেন দুই বিধ্বংসী ব্যাটার আন্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরা। এই দুই টি-টুয়েন্টি তারকার বিপক্ষে বোলিংয়ে এসে শেষ ওভারে বিচক্ষণ বোলিংয়ে মাত্র ৮ রান দেন মেহেদি হাসান মিরাজ। আর এতে করে খুলনাকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চট্টগ্রাম।


আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান।


দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন চ্যাডউইক ওয়ালটন। ৪৪ বলের মোকাবিলায় তিনি হাঁকান ৭টি করে চার-ছক্কা। এছাড়া কেনার লুইস ৩২ বলে ৩৯ ও মেহেদি হাসান মিরাজ ৩০ বলে ৩৬ রান করেন। খুলনার পক্ষে খালেদ আহমেদ শিকার করেন দুটি উইকেট।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাল্লা দিয়ে রান তুলতে থাকে খুলনা। শেখ মেহেদী হাসান ২ ও সৌম্য সরকার ১ রান করে বিদায় নিলেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচার পথ হারাতে দেননি দলকে। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে গড়েন ৬৪ রানের পার্টনারশিপ।


ফ্লেচার ও মুশফিকের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে খুলনা। ২৯ বলে ৪৩ রান করে একটি চার ও চারটি ছক্কা হাঁকানো মুশফিক বিদায় নিলে ফ্লেচারকে সঙ্গ দেন ইয়াসির। তবে জয়ের আশা জাগিয়ে ২৪ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির, তার আগে হাঁকান দুটি চার ও চারটি ছক্কা।


ম্যাচের ১৯তম ওভারে ইয়াসিরের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে খুলনা। শেষপর্যন্ত আর জিততে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান দাঁড়ায় ফ্লেচারদের সংগ্রহ। ৫৮ বলের মোকাবেলায় ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে ৮০ রান করে অপরাজিত থাকেন ফ্লেচার।


শেষভাগে নেমে নিজের ছায়া হয়ে ছিলেন থিসারা পেরেরা। ৪ বলের মোবিলায় মাত্র ৩ রান করে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। শেষ ওভারে মিরাজের নিখুঁত বোলিংয়ে ব্যাটে-বলে করতে পারেননি সেট ব্যাটার ফ্লেচার। তাতে বিদায় নিশ্চিত হয়ে যায় খুলনার।


সংক্ষিপ্ত স্কোর:


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৮৯/৫ (২০ ওভার) ওয়ালটন ৮৯*, লুইস ৩৯, মিরাজ ৩৬ খালেদ ৪০/২ নাবিল ১৫/১


খুলনা টাইগার্সে : ১৮২/৫ (২০ ওভার) ফ্লেচার ৮০*, ইয়াসির ৪৫, মুশফিক ৪৩ নাসুম ২৪/১, মৃত্যুঞ্জয় ৩৪/১


ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ রানে জয়ী।

ads
ads
ads

Our Facebook Page

↑